জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন অনিয়মে জয়পুরহাটের তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে বিএসটিআই-এর বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের হারাইল এলাকার উদয়ন ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপক মানদণ্ড আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়। শহরের থানা রোডের মেসার্স হিমেল ট্রেডার্সকে একই আইনে এক হাজার টাকা এবং রেলগেটে মূল্যতালিকা না থাকায় সৌদি খেজুর ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী তুষার সাহা ও পরিদর্শক প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এমন নজরদারি চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights