জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে আবু হােসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনা বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনা বেগম জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু হোসাইনের বাবা আবু তাহের নিজের খড়ের পালায় কাজ করছিলেন। সেসময় আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে সেখানে এসে আবু তাহেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। তখন তার ছেলে আবু হোসাইন বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে আসামিরা। এসময় মুমূর্ষ অবস্থায় আবু হোসাইনকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, এ মামলার দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম ৫ জনের ফাঁসির রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এ মামলার আসামি আমিনা বেগম পলাতক ছিলেন। এরপর সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights