জর্ডান ও ইন্দোনেশিয়ার সামনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
মিয়ানমারে নারী এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদা-রিপা-আইরিনদের শক্তি পরীক্ষা করতেই মে’র শেষ দিকে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টটি হবে জর্ডানে। গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। এজন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলে এশিয়ান বাছাই পর্বের দল সাজাতে কোচ পিটার বাটলারের সুবিধা হবে বলে জানিয়েছেন কিরণ। বাফুফের নারী উইংয়ের এ প্রধান বলেন, ‘ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে।’ ২৬ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে দলের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights