জলদস্যুদের কবলে পড়া সাব্বিরের বাড়িতে স্বজনদের আহাজারি
টাঙ্গাইল প্রতিনিধি
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর গ্রামে সাব্বিরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। তার জিম্মির খবর পেয়ে স্বজনরা বুক চাপড়িয়ে কাদঁছেন আর বিলাপ করছেন। একমাত্র বোন মিতু আক্তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছেন।
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ নামক পণ্যবহনকারী জাহাজের ২৩ জন নাবিকের মধ্যে রয়েছেন সাব্বির হোসেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। সহবতপুর উচ্চ বিদ্যালয় ২০১৪ সালে এসএসসি পাস করেন।
টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে ২০২২ সালের জুন মাসে এমভি আব্দুল্লাহ নামক পণ্যবহনকারী একটি জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকরি নেন।
সাব্বিরের বাবা মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে প্যারাইলাইজড হয়ে শয্যাশায়ী। সাব্বিরের চাকরি হওয়ার পর তার মা শয্যাসায়ী স্বামীকে নিয়ে সহবপুর তার বাবার বাড়ি বসবাস করেন। একমাত্র উপার্জনক্ষম সাব্বিরের কিছু হয়ে গেলে তাদের আর চলার উপায় থাকবে না।
সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, আমার ভাই গত সোমবার বিকেলে ফেসবুকে আপলোড দিয়েছে যে বিষুব রেখা অতিক্রম করলাম। মাথা ন্যাড়া করে ছবি আপলোড করেছে। মঙ্গলবার সকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। দুপুরে এমভি আব্দুল্লাহ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেয়ে সবাই আতংকে দিন কাটাচ্ছি।
