জাতির হৃদয়ে জিয়াউর রহমান চিরস্থায়ী : আবুল হোসেন আজাদ
যশোরের কেশবপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ।
আলোচনা সভায় আবুল হোসেন আজাদ বলেন, অসাধারণ দেশপ্রেমিক, সততা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক ছিলেন জিয়াউর রহমান। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, রণাঙ্গনে যুদ্ধও করেছেন। তার শাসনামলে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে এবং জাতির মর্যাদা সমুন্নত হয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার সততা ও দেশপ্রেম আজও সকলের জন্য অনুকরণীয়। রাষ্ট্রক্ষমতায় থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তার স্বল্পকালীন শাসনামলে দেশকে স্বাবলম্বী করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। এমনকি তার রাজনৈতিক বিরোধীরাও মৃত্যুর পর তার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।
