জাতিসংঘে নতুন বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন তুলে ধরবেন। গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের লক্ষ্য ও অগ্রাধিকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে তার এই সফর।

সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি অত্যন্ত ব্যস্ত থাকবে। তার বক্তব্যে বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, সংঘাত নিরসন, দারিদ্র্য বিমোচন, স্থানীয় অর্থনীতি এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। সংকটটির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আরও জোরালোভাবে আকর্ষণ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে উচ্চপর্যায়ের আলোচনা ও বিভিন্ন বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর শেষে সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights