জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেবেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘে তিনি ভাষণ দেবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন। যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিশন তুলে ধরাসহ এসব বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিটিং বা বৈঠক হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান। সাইডলাইনে কিছু বৈঠক তো হবেই, এগুলো প্রায় একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি যখন যুক্তরাষ্ট্র যাবেন, যাঁদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে, আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে। গোপনে কিছু হবে না। সফরকালে রোহিঙ্গাসংকট নিরসনে বিশেষ সাইডলাইন মিটিং আয়োজনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি অধিক গুরুত্ব পাবে। সফর শেষে ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights