জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ভাঙ্গার চম্পা আক্তার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ১ নং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা আক্তার।
তিনি ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং দেশসেরা নির্বাচিত হন। গত বুধবার তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন। এ সময় শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে চম্পা আক্তার বলেন, ‘জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গৌরবের। এই অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের। ভবিষ্যতেও শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও কাব কার্যক্রমের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।’
