জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যার রাখাল হওয়ার যোগ্যতা নেই, তিনি মন্ত্রী হয়ে বসে রয়েছেন। ক্ষমতায় যারা আছেন, তারা সাধারণ মানুষকে ভালোবাসেন না। এখানে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি চোখে দেখেন। বলেন, খেজুর খাওয়ার দরকার নেই, বরই খাও। বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বর্তমান সরকার ও মন্ত্রীরা ব্যর্থ বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি। গতকাল ‘দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের ভাবনা, সংকট ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, ১২-দলীয় জোটের মুখপাত্র রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন লিখিত বক্তব্যে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে ১০টি দাবি সরকারের কাছে তুলে ধরেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, বাজারে আগুন লেগেছে সরকার কিছুই করতে পারে না। দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন-যারা মজুদ করে তাদের গণপিটুনি দাও। কিন্তু যারা দামের প্রতিবাদ করেছে তাদেরই গণপিটুনি দিয়েছে। জেলখানায় মানুষ মারা যাচ্ছে, সরকার বলছে জন্মালে তো মরবেই। এমন একটি সরকার আজ ক্ষমতায় বসে আছে! ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, চিটাগাং পোর্টে গতকাল সর্বনিম্ন জাহাজ এসেছে। তার মানে আমদানি কমছে। আমদানি কমছে মানে বৈদেশিক মুদ্রা নেই। কেউ কেউ বলছে রিজার্ভ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে আমরা এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাচ্ছি না। নুরুল হক নূর বলেন, বাংলাদেশের শ্রমিকদের মতো এত সস্তা শ্রমিক পৃথিবীর কোথাও পাওয়া যায় না। বিদেশে গিয়েও তারা হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা যদি বলতে পারতাম, আমাদের একজন শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে আমরা আর শ্রমিক পাঠাব না, তাহলে আমাদের শ্রমিকদের অধিকার সুরক্ষিত হতো। প্রবাসীদের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সবকিছুর খরচ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এজেন্সিগুলো তার চেয়ে চার-পাঁচ গুণ বেশি টাকা নিচ্ছে। এ শ্রমিকরা বিদেশ গিয়ে আবার ঠিকমতো বেতনও পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights