জানুয়ারির মধ্যে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে।

রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রাম এ সভার আয়োজন করে।

এ সময় তিনি কোথাও দুর্নীতির তথ্য পেলে সঙ্গে সঙ্গে তুলে ধরতে অনুরোধ জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর অনেক অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেই জন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে। কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এজন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে… যেন দেশের প্রত্যেক নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই তাদের মধ্যে একি ধরনের মূল্যবোধ সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, প্রাথমিক শিক্ষা অধিদফতরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আতাউর রহমান প্রমুখ।

এর আগে এম এ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (চট্টগ্রাম জেলা) ২০২৪ এর উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights