জানেন কি কেমন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

কিন্তু জানেন কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট কেমন হয়?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার হয় বেশ দীর্ঘ। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, একেকটি ব্যালট হয় দুই কিংবা তিন পাতার। ব্যালটে শুধু প্রেসিডেন্ট প্রার্থীদের নাম নয় বরং পার্লামেন্টের উভয়কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) প্রার্থীদের নামও থাকে।
আরও থাকে কমিউনিটি পরিষেবায় অর্থায়নের মতো স্থানীয় নানা উদ্যোগ ও প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা। তাই অঙ্গরাজ্য বা এলাকাভেদে ব্যালটের আকারও ভিন্ন হয়।

আর একেকটি ব্যালট পূরণ করতে ভোটারদের মোটামুটি ১০ মিনিট সময় লাগে।

মঙ্গলবার সকাল হতেই সবার আগে ভোটগ্রহণ শুরু হয় দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে। দেশটির পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে স্থানীয় সময় ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভারমন্টে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।

ভারমন্টের পর যেসব অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয় সেগুলোর মধ্যে রয়েছে- আলাবামা, আইওয়া, ক্যানসাস, মিনেসোটা, মিসিসিপি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা ও টেক্সাস।

এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটাই এখন দেখার বিষয়।

যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights