জাপানে আগাছা পরিষ্কারের সময় ট্রেনের ধাক্কায় ৪ রেলকর্মী নিহত

অনলাইন ডেস্ক

জাপানের রাজধানী টোকিওর উত্তরে তোচিগি প্রিফেকচারে রেললাইনে আগাছা পরিষ্কারের কাজ করার সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চার কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, নিহত চারজনের বয়স ৫০ ও ৬০-এর কোঠায়। তারা তবু নিক্কো লাইনের শিন-কানুমা স্টেশনে রেললাইনের ওপর আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এ কাজে মোট সাতজন কর্মী নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে চারজন ট্রেনের ধাক্কায় নিহত হলেও বাকি তিনজন অক্ষত রয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের চালক বা কোনো যাত্রী আহত হননি।

তবু রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় টোকিওর আসাকুসাগামী ওই এক্সপ্রেস ট্রেনে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি শিন-কানুমা স্টেশনে থামার জন্য প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছিল। দুর্ঘটনার পর তবু নিক্কো লাইনে ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ রাখা হয়।

রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, রেললাইনে কর্মীরা কাজ করার সময় একজন নির্ধারিত পর্যবেক্ষককে (লুকআউট) দায়িত্বে থাকতে হয়। তিনি দূর থেকে কোনো ট্রেন আসছে কি না তা পর্যবেক্ষণ করেন এবং ট্রেন দেখা গেলে কর্মীদের দ্রুত লাইন থেকে সরে যেতে সতর্ক করেন। সব কর্মী লাইন থেকে সরে যাওয়ার পর পর্যবেক্ষক পতাকার মাধ্যমে ট্রেনচালককে সংকেত দেন। চালকও হর্ন বাজিয়ে সেই সংকেতের জবাব দেওয়ার কথা।

তবে তবু রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার আগে পর্যবেক্ষক পতাকার সংকেত দিয়েছিলেন এবং ট্রেনচালক সেই সংকেত দেখে হর্ন বাজিয়েছিলেন। কিন্তু পর্যবেক্ষক কর্মীদের যথাযথভাবে সতর্ক করেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights