জাপানে টাইফুন দুজুয়ানে দুইজন নিহত, নিখোঁজ চার

অনলাইন ডেস্ক

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের বয়ে নিয়ে আসা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে রাজধানী টোকিওর আশপাশের এলাকাগুলোতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, বৃহত্তর টোকিও এলাকায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

শক্তিশালী এ ঝড়ের কারণে অন্তত ১৬ লাখ মানুষকে এলাকা ছেড়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঝড়ের কারণে ব্যাপক ভ্রমণ বিশৃঙ্খলাও তৈরি হয়েছে।

সোমবার টাইফুন দুজুয়ান ঘন্টায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) সর্বোচ্চ বাতাসের বেগ নিয়ে টোকিওর নিকটবর্তী কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে স্থলে উঠে আসে। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

দুজুয়ানের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে টোকিওর পার্শ্ববর্তী চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভূমিধস হয় এবং বন্যা দেখা দেয়।

চিবাতে এক ব্যক্তি তার এক্সকাভেটরসহ ভূমিধসে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কানাগাওয়াতে ভূমিধসের কবলে পড়া একটি বাড়ি কাদার স্রোতে চাপা পড়ে, এখানে এক নারীর মৃত্যু হয়।

দুটি প্রিফেকচারেই বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ইবারাকি প্রিফেকচারেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। রাস্তাগুলো ডুবে যায়, স্থানীয় রেল ও বিমান পরিষেবাও সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ঝড়টি উপকূল থেকে সরে উত্তরপূর্ব দিকে সাগরের দিকে সরে যাচ্ছিল। এ সময় এর শক্তি কিছুটা হ্রাস পায়।

জেএমএ-র আবহাওয়াবিদ তাকুয়া হোসোমি জানিয়েছেন, যেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আর তাতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আছে।

সোমবার জাপানা এয়ারলাইন্স ১৩৫টি ও নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করার পর বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন।

কিছু রেল পরিষেবাও স্থগিত রাখা হয়। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবাও বন্ধ ছিল।

জেএমএ জানিয়েছে, ভারি বৃষ্টিপাতের নতুন রেকর্ড হতে পারে আর তাতে মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে যেতে পারে।

দুজুয়ান চলতি বছরে জাপানে হওয়া ২৫তম টাইফুন। দেশটিতে প্রায়ই গ্রীষ্মের শেষ দিকে ও শরতের প্রথমদিকে শক্তিশালী টাইফুন হয়।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights