জাপানে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার টোকিওর তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের প্রতিটি গণ-আন্দোলনে এ দেশের মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি স্বচ্ছ রাষ্ট্র গঠন করাই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য। তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং এই সময়ে সংঘটিত সকল অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশে জ্ঞান ও দক্ষতা অর্জন করে দেশের অর্থনীতি ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। রেমিট্যান্সের মাধ্যমে প্রবাসীরা দেশের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ৬৫ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দিয়ে যে আস্থা দেখিয়েছেন, তার মর্যাদা রক্ষায় তারা সংসদে ও রাজপথে সজাগ থাকবেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সংসদে নির্বাচিত ৭৭ জন প্রতিনিধি জনগণের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং দেশে আর কোনো দুর্নীতি হতে দেবেন না। জাপানে বসবাসরত বাংলাদেশিদের জাপানি আইন ও সংস্কৃতিকে সম্মান করার পাশাপাশি নিজেদের শিকড় ও সন্তানদের মাঝে দেশীয় মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরাও জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন। সাংস্কৃতিক পরিবেশনা ও বিপুলসংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights