জাপান-সংশ্লিষ্ট জাহাজের হরমুজ অতিক্রম, টোকিওর স্বস্তি
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি জাপান-সংশ্লিষ্ট জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দিয়ে জাহাজটি বর্তমানে জাপানের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে।
বিপজ্জনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে গত কয়েক দিনে হাতেগোনা যে কয়েকটি জাহাজ যাতায়াত করতে পেরেছে, এটি তার মধ্যে একটি। জানা গেছে, ওই ট্যাংকারটিতে জাপানের তিনজন ক্রু সদস্য রয়েছেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দৃষ্টিকোণ থেকে এই পারাপার বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত ও স্পর্শকাতর সমুদ্রপথ, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই জলপথে যেন জাপানি জাহাজসহ সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই নিরাপদে চলাচল করতে পারে, তা নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাপান সরকার।
টোকিও জোর দিয়ে বলেছে, সমুদ্রপথে অবাধ ও নিরাপদ যাতায়াত বজায় রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য।
সূত্র: সিএনএন
