জাপার কেন্দ্রীয় কার্যালয় কার দখলে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রওশনপন্থি নেতারা। গতকাল সকালে জাতীয় পার্টির অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তারা দীর্ঘক্ষণ দলীয় কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করেন। এ সময় কাজী মামুনুর রশীদ বলেন, জাতীয় পার্টিতে জি এম কাদের ও মো. মুজিবুল হক চুন্নুর কোনো প্রয়োজন নেই। এদিকে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বাংলাদেশ প্রতিদিনকে জানান, গণমাধ্যমে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের খবর এসেছে, এটি সত্য নয়। সবমিলিয়ে জনমনে প্রশ্ন- কার দখলে কাকরাইলের জাতীয় পার্টির প্রধান কার্যালয়। কাজী মামুনুর রশীদ বলেছেন, পার্টিতে এখন আর জি এম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতা-কর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চায় না। তারা দলের অনেক ক্ষতি করেছেন। পার্টির ইমেজ নষ্ট করেছেন। আমরা পার্টিকে পুনরায় শক্তিশালী করছি। গতকাল সকালে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রওশন এরশাদ ঘোষিত নবনিযুক্ত জাপার মহাসচিব কাজী মামুন। তিনি বলেন, বেগম রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা পল্লীমাতাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, কাদের-চুন্নুর জন্য দলের আজ বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতা-কর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে। এর আগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাজী মামুনুর রশীদ। এ সময় তার সঙ্গে ছিলেন জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা খোরশেদ আলম খোশু, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা, শেখ রুনা, মহানগর জাপা নেতা মাসুম আহমেদ, মুকুল আহমেদ, আবুল হাশেম, মো. আসাদ ও জাতীয় ওলামা পার্টির মাওলানা সোহরাব হোসেন প্রমুখ। পরে পল্লীবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন কাজী মামুনুর রশীদ। কার্যালয় পরিদর্শন ও পার্টির স্টাফদের খোঁজখবর নেন তিনি। পরে কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় কাজী মামুনুর রশীদ বলেন, অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন।

এদিকে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ আছে, কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে এটা সত্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে সংবাদটি সঠিক নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে ইতিপূর্বে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন এবং কিছু ভাড়াটে লোক শুক্রবার বন্ধের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কার্যালয়ের নিচতলায় অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণের রুমে ১০ থেকে ১২ মিনিট অবস্থান করেন। পরে অফিসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা চলে যান। জাতীয় পার্টি সারা দেশে জি এম কাদেরের নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ আছে। কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখলের বিভ্রান্তিমূলক সংবাদে জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights