জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় অন্য সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত সব আসামি এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে সাখাওয়াত ও সোহেল নামে দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাটখেতে দু’জনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে ভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আজ এ রায় দেন আদালত।
