জামালপুরে বিজিবির হাতে বিপুল ভারতীয় কাপড় ও কম্বল আটক

জামালপুর জেলা প্রতিনিধি: রিপন রাজ

চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সীমান্ত এলাকা সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কম্বল জব্দ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ মোল্লারচর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকার বেহুলারচর নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করে এ অভিযান চালানো হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় থান কাপড় ২৮৩২ মিটার, কম্বল ১৮৬ পিস এবং কম্বলের কভার ১৮৬ পিস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃত কাপড় ও কম্বল আইনানুগ প্রক্রিয়ায় রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিজিবি সদস্যদের তৎপর ভূমিকায় সন্তোষ প্রকাশ করা হয়। তিনি জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights