জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খানকে ইসিতে তলব

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খানকে (দুলাল) তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল তাকে তলবের নোটিস দিয়েছে সংস্থাটি। নোটিসে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের দিন আপনি ১৩৯ জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যা বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ। উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নম্বর-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। বর্ণিতাবস্থায় মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত তারিখে যথাসময় বর্ণিত স্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো। মো. ফরিদুল হক দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। তিনি একাদশ সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights