জার্মানিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউক্রেনীয় নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক
জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ভিডিও ও ছবি ধারণ করে সম্ভাব্য নাশকতার প্রস্তুতি নেওয়ার অভিযোগে এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে নিম্নস্তরের এজেন্ট হিসেবে কাজ করছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বাভারিয়ার পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী ওই ইউক্রেনীয় নাগরিককে গত ২ আগস্ট থুরিঙ্গিয়া অঙ্গরাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে তিনি বাভারিয়ার একটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন এবং সেগুলো তার নিয়ন্ত্রকদের কাছে পাঠানোর প্রস্তাব দেন। তদন্তকারীদের ধারণা, সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবেই এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল।

আদালতের নির্দেশে তাকে বিচার শুরুর আগ পর্যন্ত কারাগারে রাখা হয়েছে।

‘হাইব্রিড হামলা’ মোকাবিলায় নতুন কেন্দ্র
এই তদন্ত পরিচালিত হচ্ছে জার্মানির নতুন জাতীয় সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে, যা হাইব্রিড হামলা প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা সংস্থার কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে গত জুন মাসে চালু করা হয়।

জার্মান কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে নাশকতা, গুপ্তচরবৃত্তি এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রাশিয়াকে ঘিরে এ ধরনের হুমকি মোকাবিলায় বার্লিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন
এই ঘটনার একদিন আগেই, বুধবার লাইপজিগ-হালে বিমানবন্দরের কাছে একটি ইউক্রেনীয় কার্গো বিমানের নিকটে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উদ্ধার করা হয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট এ ঘটনাকে ‘হাইব্রিড হামলার একটি সম্ভাব্য দৃশ্যপট’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি ‘নিরাপত্তা ঝুঁকির এক নতুন মাত্রা’ নির্দেশ করে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় জার্মানিতে প্রতিরক্ষা শিল্প, পরিবহন অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা এখন আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র: ফ্রান্স২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights