জার্মানির কোচ হওয়ার প্রশ্নে যা বললেন ইউর্গেন ক্লপ

অনলাইন ডেস্ক

খর্বশক্তির প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে জার্মানির এই বিদায়ের পর দেশটির ফুটবল অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যানকে বিদায় করে নতুন কোচ হিসেবে ইউর্গেন ক্লপের দায়িত্ব নেওয়া নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে এমন পরিস্থিতিতে জার্মানির কোচ হওয়ার আলোচনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন লিভারপুলের সাবেক এই বস।

বর্তমানে রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধানের দায়িত্বে থাকা ক্লপ চলমান বিশ্বকাপে ম্যাজেন্টা টিভিতে বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়— কোন পরিস্থিতিতে তিনি জার্মানির কোচ হওয়ার কথা ভাববেন?

জবাবে ক্লপ বেশ স্পষ্ট করেই বলেন, আমি এখনো এ নিয়ে ভাবিনি। কোচ হিসেবে আমিও অনেকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যখন বড় কোনো স্বপ্ন ভেঙে গেছে। আমি বুঝতে পারি, জাতীয় দলের কোচের কথা উঠলে অনেকেই আমার নাম বলছেন। কিন্তু এ নিয়ে কথা বলার এখন সঠিক সময় নয়। বিশেষ করে আমার জন্য তো নয়।

তিনি বলেন, আমি বর্তমানে এমন একটি কাজ করছি, যা আমি খুব উপভোগ করি। আর যতদূর জানি, এটি কোনো খণ্ডকালীন চাকরি নয়। আজ জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তাই এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় নয়।

এদিকে, প্যারাগুয়ের কাছে এই হতাশাজনক হারের পর বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যানের ওপর চাপ বহুগুণ বেড়ে গেছে। তবে দায়িত্ব থেকে এখনই সরে দাঁড়াচ্ছেন না তিনি। ম্যাচ শেষে নাগেলসমান জানান, জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) চাইলে তিনি কাজ চালিয়ে যেতে প্রস্তুত।

নাগেলসম্যান বলেন, আমি দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নই। অনেক দিন ধরেই আমরা বড় টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে পারছি না। এর পেছনে কিছু মৌলিক কারণ রয়েছে। শুধু দল বাদ পড়েছে বলেই আমি পদত্যাগ করব না। ডিএফবি যদি আমাকে রাখতে চায়, আমি থাকব। আর যদি না চায়, তবে তারা আমাকে জানাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights