জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:
‘আয়কর তথ্য-সেবা প্রদান’ শিরোনামে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জাবি শিক্ষক সমিতি ও সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ১১ সার্বিক সহযোগিতা করেছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময়, আয়কর তথ্য-সেবা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের আয়কর গ্রহণ করে।

এ বিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেন, ক্যাম্পাসে আয়কর তথ্য-সেবা প্রদান অনুষ্ঠান আয়োজনের ফলে শিক্ষক-কর্মকর্তারা আয়কর প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য তথ্যও জানতে পেরেছে। এ ধরনের মেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
ক্যাম্পাসে এ ধরনের সেবামূলক মেলা আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ক্যাম্পাসের ভেতরেই কর প্রদানকারীরা উৎসবমুখর পরিবেশে সহজে-নির্বিঘ্নে আয়কর প্রদান করতে পেরেছে। এতে তাদের ঢাকায় গিয়ে আয়কর জমা দেওয়ার কষ্ট দূর হয়েছে। এরকম সেবামূলক মেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

মেলার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং ঢাকার কর কমিশনার রওনক আফরোজ, অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়, যুগ্ম কর কমিশনার ফারজানা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights