জাহাজে জলদস্যু; নোয়াখালীর ২ নাবিকের পরিবারে উৎকণ্ঠা

নোয়াখালী প্রতিনিধি

ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুইজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

তারা হলেন এবিল সি-ম্যান (নাবিক) মোহাম্মদ আনোয়ারুল হক রাজু (২৭) ও ফাইটার মোহাম্মদ সালেহ আহমেদ। এরমধ্যে মোহাম্মদ আনোয়ারুল হক রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে। অপরজন ফাইটার মোহাম্মদ সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় জানতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। তবে তার বাড়ি নোয়াখালী বলে খবর পাওয়া গেছে।
এদিকে, জলদস্যুদের হাতে জিম্মি হওয়া নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজুর গ্রামের বাড়িতে এ খবর পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা আহাজারি করছে।

নাবিক রাজুর বাবা আজিজুল হক মাস্টার জানান, রাজু গত সাত বছর ধরে জাহাজে নাবিক হিসেবে কাজ করছে। গত বছর জুলাই মাসে সে ছুটিতে বাড়িতে এসেছিলো। সর্বশেষ চার মাস আগে সে পুনরায় জাহাজের কাজে যোগ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights