জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

অনলাইন ডেস্ক
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দিয়েছিল বিসিবি। এরই মধ্যে শেষ হয়েছে সময়সীমা।

আজ এক বিবৃতিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়িয়েছে বিসিবি। বিবৃতিতে জানানো হয়, তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল জাহানারাকে। তবে লিখিত বিবৃতি/অভিযোগ জমা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। তাই আরও ১৫ দিন সময় বাড়িয়েছে বিসিবি।

এর আগে জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যেখানে কমিটির প্রধান আহ্বায়ক করা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। বাকি দুই সদস্য হিসেবে যুক্ত করা হয়- বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এরপর তদন্ত কমিটির সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচজন করা হয়। যুক্ত হন দুই সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান।

বিসিবি জানিয়েছে, ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদনটি পাওয়ার আশা করছে বোর্ড। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights