জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়।

শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আহ্বান জানিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে ‌‘জেড ফোর্স’ এর অধিনায়ক হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, যা ইতিহাসে চিরস্মরণীয়। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায়, কৃষি, শিল্প, রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্প ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নের ভিত রচনা করেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মন্ত্রী উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার, সংসদীয় গণতন্ত্র, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এসময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রকৌশলী ও স্থপতি মাসুদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights