জীববৈচিত্র্য রক্ষায় চরফ্যাশনে মৎস্যজীবী সমাবেশ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
সাগর উপকূলের মেঘনা-তেতুলিয়া ও সাগর মোহনায় মাছের পোনা ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ভোলার চরফ্যাশনে ইকোফিস-২ আয়োজনে পৌর ভবন হল রুমে মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৎস্যজীবীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
ইকোফিস-২ গবেষণা সহকারী শহিদুল ইসলামের সঞ্চালনায় ইকোফিস প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম চরফ্যাশন ও রাঙ্গাবি এলাকার ৭৩টি মৎস্য সংরক্ষণ ও ১২টি গ্রামভিত্তিক মৎস্য সংরক্ষণ দলের শতাধিক মৎস্যজীবীদের মাঝে বক্তব্য রাখেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইকোফিস-২ চরফ্যাশন উপজেলার গবেষণা সহকারী আবদুল হামিদ শেখ।
সমরাজ মৎস্য অবতরণভিত্তিক সহ-ব্যবস্থাপনা সভাপতি আলাউদ্দিন পাটওয়ারি বলেন, সাগরের জেলেদের কথিত জাটকা জালে মাছের পোনার সাথে সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। এতে মাছের বংশ বিস্তার ও সমুদ্রে থাকা জীব ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়বে সাগরের জীববৈচিত্র্য। জেলেদের জালে জলজ প্রাণীর পোনা উপকূলে উঠার পরে ছোট মাছের পোনা ও বিভিন্ন জীবের পোনা মাটিতে ফেলে দেয়া হয়। ফলে মরে যায় সেসব জীববৈচিত্র্য।
ইকোফিস-২ এর গবেষণা সহকারী আবদুল হামিদ বলেন, সাগর ও নদীতে জেলেদের জালে বিভিন্ন জাতের মাছের পোনা, কাছিম, কাকড়াসহ বিভিন্ন জীবের লার্ভা ধ্বংস হচ্ছে। যার কারণে ভবিষ্যতে সমুদ্রে মৎস্যভাণ্ডার কমে যাবে। সমুদ্রের ভারসাম্য জলজ প্রাণী। সামুদ্রিক জীববৈচিত্র রক্ষায় জেলেদের সচেতন ও সহযোগিতা ছাড়া জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব নয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, অসাধু জেলেরা লোকচক্ষুর আড়ালে জাল ফেলে সাগরের জীববৈচিত্র্য ধ্বংস করছে। জেলেদের সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস সংরক্ষণে সচেতন হতে হবে।
