জুনে আসছেন দিনেশ বিদায় নিচ্ছেন প্রণয়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে জুনে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। বর্তমানে ঢাকায় দায়িত্ব পালনরত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন। কূটনৈতিক সূত্র অনুযায়ী, হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ দিনেশ ত্রিবেদী। গত এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ চূড়ান্ত করে। দীর্ঘ সময় পর হাইকমিশনার হিসেবে কোনো সক্রিয় রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত সরকার। ৭৫ বছর বয়সি দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্বে ছিলেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ায় দলীয় চাপের মুখে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। এ ছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দিনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী মাসেই বিজেপিতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ শুরু হয়। এমন বাস্তবতায় দিনেশ ত্রিবেদীর নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
