জুলকান ইনডোর অ্যারেনার শুভ উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘জুলকান ইনডোর অ্যারেনা’। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটির নিজস্ব ভবনে এ বক্সিং প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শতাধিক অতিথির উপস্থিতিতে ফিতা কেটে জুলকানের উদ্বোধন করেন দক্ষিণ এশিয়ার কিংবদন্তি বক্সার অরবিন্দ লালওয়ানি ও বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম।
এ সময় মেজর মহসিনুল করিম বলেন, ‘বক্সিং ও রেসলিংয়ের মিশেলে প্রতিষ্ঠিত জুলকান ইনডোর অ্যারেনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ফোকাস নতুন প্রজন্মের দিকে। তাদের ডিসিপ্লিন, লিডারশিপ, মেন্টাল হেলথ বিকাশের মধ্য দিয়েই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’
বসুন্ধরার এমন যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে জুলকান ইনডোর অ্যারেনার হেড কোচ অরবিন্দ লালওয়ানি বলেন, ‘পরবর্তী প্রজন্মের ফাইটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানাই। আমি এখানে একাধিকবার এসেছি। যারা এখানে শিখছে তাদের মধ্যে স্পিড ও আগ্রহ আছে। কৌশল রপ্ত করতে পারলেই তারা ভালো করবে। জুলকান বিশ্বমানের সুবিধাগুলো দক্ষতা উন্নয়ন ও চ্যাম্পিয়ন গড়ে তোলার জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর জুলকান ইনডোর অ্যারেনা পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় জুলকানের সদস্যরা ডেমো বক্সিং প্রদর্শন করেন।
