‘জুলাইয়ে বিপ্লব নয়, ব্যবস্থা সংস্কারের গণঅভ্যুত্থান হয়েছে’

অনলাইন ডেস্ক

জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কোনো বিপ্লব হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটি ছিল প্রচলিত রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও মেরামতের জন্য সংঘটিত একটি গণঅভ্যুত্থান। বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে এমন কোনো বাস্তবতা ছিল না।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ আলোচনা সভার আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, কোনো পূর্ণাঙ্গ বিপ্লব হলে তার পেছনে একটি নির্দিষ্ট দর্শন, বিপ্লবী আদর্শ এবং সেই আদর্শ ধারণকারী রাজনৈতিক শক্তির নেতৃত্ব থাকে। এরপর বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে নতুন ধরনের সরকার ও রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।

তিনি বলেন, আমাদের দল এবং আমাদের সরকার খুব স্পষ্টভাবে মনে করে, গণঅভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য। কোনোভাবেই এখানে কোনো বিপ্লব সম্পন্ন হয়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিপ্লব ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো এক ধরনের চিন্তাগত অস্পষ্টতা রয়েছে। জুলাইয়ের ঘটনাপ্রবাহকে কে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, সে বিষয়ে স্পষ্টতা না থাকলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঐকমত্য গড়ে তোলা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মতো জটিল কাজ টেকসইভাবে এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমান্তরাল দৃষ্টিভঙ্গি ও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন। সবাই মিলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বাদ দেব, কোনটাকে গ্রহণ করব এবং কোনটাকে আপাতত স্থগিত রাখব, সেই সিদ্ধান্তে পৌঁছাতে হলে একটি সুস্থ ও টেকসই প্রক্রিয়ার প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, জুলাই সনদসহ চলমান রাজনৈতিক ও সংস্কার প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights