জুলাই এ দেশের সব মানুষের অর্জন: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই-এ দেশের সকল মানুষের অর্জন।

তিনি বলেন, কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই, জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে, যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি।

তিনি বলেন, স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেট বন্দি না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights