জেনিন ছাড়ছে ইসরায়েলি বাহিনী, পাল্টা হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েল। এর আগে, দুদিনের অভিযানে এ পর্যন্ত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

একই দিন বিকেলে তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত ৮ ইসরায়েলি আহত হয়। এদিকে, দু’জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের ফিরতি কনভয় দেখেছেন। দখলদার সেনারা সামরিক বাহিনীর গাড়িতে চড়ে জেনিন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুদিনের এ সামরিক অভিযানে ১২ ফিলিস্তিনি ও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জীবন বাঁচাতে জেনিনের শরণার্থী শিবির ছেড়েছেন তিন হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি সেনারা যদি ফিরে যান, তাহলে গত রবিবার মধ্যরাতে পশ্চিম তীরের জেনিন শহরে শুরু হওয়া এ অভিযান শেষ হতে পারে। এটি ছিল কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights