জেলায় পদযাত্রার পর নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনসহ ১০ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।

আজ বিকালে রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর পৌনে ২টার দিকে শুরু হয়ে বৈঠক চলে ৩টা পর্যন্ত। এ বৈঠক শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে আমাদের পদযাত্রা কর্মসূচি আছে। পরবর্তী সময়ে কী কর্মসূচি ঘোষণা করবো, তা নিয়েও আলোচনা হয়েছে।

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় নির্বাচন করতে পারবেন না। তবে তিনি রাজনীতি করতে পারবেন’- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এসময় রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, সরকার ইচ্ছা করলে বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights