‘জেলার ২’–এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী
অনলাইন ডেস্ক
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। রজনীকান্ত অভিনীত সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে প্রথম গান ‘আলা বোলেলো’। আর এই গানেই রজনীকান্তের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন অভিনেত্রী শামনা কাসিম।
দক্ষিণ ভারতের উৎসব ওনমের আবহে তৈরি গানটির সংগীত ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
তবে গানের পাশাপাশি আলোচনায় এসেছে এর নাচ। রজনীকান্তের সঙ্গে শামনা কাসিমের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।
কেরালার কান্নুরে জন্ম শামনা কাসিমের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। পরে তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্মী’ ও তামিলের ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন।
‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’, ‘সাভারাকাথি’সহ বেশ কিছু তামিল সিনেমায় দেখা গেছে তাকে। ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও অভিনয় করেছেন শামনা।
‘জেলার ২’ সিনেমায় কেবল ‘আলা বোলেলো’ গানটিতে অংশ নিয়েছেন তিনি। তবে এই একটি গানেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী।
‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে। সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।
