জেলের জালে ধরা পড়ল ‘প্যারটফিশ’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি প্যারটফিশ। স্থানীয়দের কাছে এটি টিয়া মাছ হিসাবে পরিচত। মাছটির ওজন প্রায় ৭০০ গ্রাম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এফবি ভাই ভাই ট্রলারের জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। অন্যান্য মাছের সাথে এ মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হলে নিলামে ৩ হাজার টাকায় ক্রয় করেন আড়তের মালিক। তবে আড়ৎ এর পক্ষ থেকে জানানো হয়, মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ইতোমধ্যে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে ওই ট্রলারের জেলেরা পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে। এরপর জাল উত্তোলনের সময় অন্যান্য মাছের সঙ্গে বিরল এ প্যারটফিশটিও ধরা পড়ে।
মৎস্য গবেষকরা জানান, এ মাছ সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক এলাকায় বসবাস করলেও খাদ্যের সন্ধান, প্রজনন কিংবা সমুদ্রস্রোতের কারণে গভীর সমুদ্রে চলে আসে।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটি Blue-barred Parrotfish যা স্কারিডি (Scaridae) পরিবারের একটি সামুদ্রিক মাছ।
তিনি আরও জানান, প্যারটফিশ প্রবালপ্রাচীরের ওপর জন্মানো শৈবাল খেয়ে প্রবালের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাল ক্ষয় করে সূক্ষ্ম বালু তৈরিতেও এ মাছের অবদান রয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের মাছ বাংলাদেশের জলসীমায় খুবই বিরল। এটি Scarus zufar, যা ‘ধোফার প্যারটফিশ’ নামেও পরিচিত। আমাদের উপকূলে এ প্রজাতির মাছ সচরাচর দেখা যায় না।
