জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে হলুদ সোনালি বাটা নামে একটি সামুদ্রিক মাছ। আসাদ মাঝির জালে এটি ধরা পড়ে। স্থানীয়দের কাছে এই মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামে পরিচিত।
বুধবার সকালে অন্যান্য মাছের সঙ্গে জেলেরা এটিকে মৎস্য বন্দর আলিপুরের মায়ের দোয়া ফিস আড়তে নিয়ে আসেন। মাছটি সংরক্ষণ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগেও কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র বিভিন্ন সময়ে বিরল ও ভিন্ন প্রজাতির একাধিক সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এ মাছটি উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও আকর্ষণীয় গঠনের। তাই কৌতূহলী মানুষ মাছটিকে দেখতে ভিড় জমায় ওই আড়তে। তবে গভীর সমুদ্রে মাঝেমধ্যেই নতুন নতুন প্রজাতির মাছ ধরা পড়ে। এগুলো সংরক্ষণ ও গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
জেলে আসাদ মাঝি বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জালে অন্যান্য মাছের সাঙ্গে এই মাছটি উঠে আসে। মাছটির রং ও গঠন অন্য মাছের চেয়ে আলাদা। এ ধরনের মাছ তাদের জালে এর আগে কখনো ধরা পড়েনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রুবেল হাওলাদার বলেন, মাছটি অনেক ছোট। এর আগে এত সুন্দর রঙের মাছ দেখেননি তিনি।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, হলুদ সোনালি বাটা (Upeneus sulphureus) বা গোটফিশ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ, যা সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, হলুদ সোনালি বাটা আমাদের উপকূলীয় ও সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায়। এটি পরিবেশগত ও অর্থনৈতিক, উভয়দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি মাছ।
