জেলে থেকেও প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে জাতীয় পার্টির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জেলে থাকলেও প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর। বুধবার তার পক্ষে দলীয় প্রতীক বরাদ্দ নিয়েছেন মেয়ে হাবিবা কিবরিয়া।

প্রতীক বরাদ্দ পেয়ে দুপুরের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে দোয়া মোনাজাত করা হয়। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন, জেলা যুব সংহতি সভাপতি নজরুল ইসলাম হেমায়েত, জেলা মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়ার টিপুর ভাই শাহরিয়া বাদল, গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এ সময় তিনি বলেন, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু রাজনৈতিক মামলায় কারাগারে আছেন। তাকে পুনরায় নির্বাচিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া বলেন, বরিশাল-৩ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীল রাজনীতির পক্ষে। ভোটাররা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে গোলাম কিবরিয়া টিপু তথা জাতীয় পার্টিকে বিজয়ী করবেন। গোলাম কিবরিয়া টিপু আবারও নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights