জ্বালানির দাম বাড়াল চীন

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহে ১২ শতাংশ বৃদ্ধির প্রভাবে খুচরা পর্যায়ে জ্বালানির মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে চীন। আগামীকাল শনিবার (১৮ জুলাই) থেকে দেশটিতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর হবে। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিশন এ তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম ৩০০ ইউয়ান বা ৪৪.২৯ ডলার বাড়ানো হয়েছে। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর ফলে সর্বশেষ মূল্য নির্ধারণ চক্রে আগের চক্রের তুলনায় গড় তেলের দাম বেশি দাঁড়িয়েছে।

সেইসঙ্গে চীনের রাষ্ট্রীয় তেল শোধনাগার সংস্থা সিএনপিসি, সিনোপেক এবং সিএনওওসি-কে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে, উৎপাদন বজায় রাখতে এবং পরিবহন সহজতর করার নির্দেশ দিয়েছে এনডিআরসি।

অয়েলকেমের প্রধান জ্বালানি বিশ্লেষক লিউ বিংজুয়ান বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক তেলের বাজারে চাপ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চীন নয়, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারেও জ্বালানির খুচরা মূল্য বাড়তে পারে।

শুক্রবারের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের দাম সপ্তাহজুড়ে প্রায় ১২ শতাংশ বৃদ্ধির পথে ছিল, যা এপ্রিলের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট সংঘাতে অপরিশোধিত তেলের মূল্য এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান বলেন, যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালনে আবারও ৪ ডলারে পৌঁছাতে আর মাত্র কয়েক সেন্ট বাকি আছে। অন্যদিকে, বৃহস্পতিবার ডিজেলের জাতীয় গড় দাম প্রতি গ্যালনে ৫ ডলারে পৌঁছেছে।

ডি হান আরও বলেন, ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ভোক্তারা গ্যাসোলিন কিনতে গত বছরের একই দিনের তুলনায় প্রায় ৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বেশি ব্যয় করেছেন। তথ্যসূত্র : অয়েলপ্রাইস ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights