জ্যামাইকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ভালো করতে পারেনি বাংলাদেশ। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ১৬৪ রান। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার বোলিং তোপে পড়ে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রানা তুলে নেন পাঁচ উইকেট। বোলারদের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে এবার বড় লক্ষ্যেই ছুটছে মিরাজবাহিনী। সাদমান-মিরাজদের দুর্দান্ত ব্যাটিংয়ে ইতোমধ্যে ২১১ রানের লিড নিয়ে জ্যামাইকা টেস্টে রীতিমত চালকের আসনে বাংলাদেশ।
সোমবার (২ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান।
১৮ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অবশ্য দেখা মেলে সেই পুরোনো চিত্র। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বাংলাদেশ হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তাকে ফেরান জেইডেন সিলস।
প্রথম ওভারে উইকেট খোয়ালেও দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রান তুলে বিপদ সামাল দেন সাদমান ইসলাম ও ওয়ান ডাউনে নামা শাহাদাত হোসেন দিপু। আলজারি জোসেফের শিকার হওয়ার আগে দিপু করেন ২৬ বলে ২৮ রান। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
দলীয় ১১৭ রানে ৮২ বলে ৪৬ রান করে আউট হন সাদমান। তার বিদায়ের পর পরই ৪২ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ। এতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও জাকের আলি মিলে চাপ সামাল দেন। ৪১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৭৩ রানে ৩৪ বলে ২৫ রান করে আউট হন লিটন।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন জাকের। তাইজুল ২২ বলে ৯ ও জাকের ৪৯ বলে ২৯ রানে অপরাজিত আছেন।
