ঝালকাঠিতে সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত চার জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোনাউটার মোলাখালীতে বিকালে আলতাফ ও চাঁনমিয়া সাথে কবির মোল্লার জমি জমার বিরোধ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ পর্যায়ে উভয় পক্ষ দা, রামদা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) ও অপর পক্ষের মোঃ আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হয়।

গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে। এরা হলেন মোঃ আলতাফ (৬২), তার পুত্র মোঃ মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।

কাঠালিয়া থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, পূর্ব বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights