ঝিনাইদহে জমি বিরোধের জেরে চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা শাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবারের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত শাকিলসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights