ঝিনাইদহে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বাড়ী বাথান দেওয়ান বাজারে মাংস ব্যবসায়ী ওবায়দুল ইসলাম ওরফে বাবলুকে (৪২) কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা। তাকে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওবায়দুল বাথান গ্রামের মৃত মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল ঝিনাইদহ শহর থেকে বাইসাইকেলযোগে বাজার করে নিজ বাড়ি ফিরছলো। পথিমধ্যে দেওয়ান বাজারে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে সে শংকামুক্ত নয় বলে কর্তব্যরত সদর হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন।
সদর থানার ওসি আব্দুল-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভ্যন্তরীন কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
