ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নে একটি আবাসন প্রকল্পে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
অভিযুক্ত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। ঘটনার পরপর সদর থানার শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিল্লাল ওই প্রকল্পে ৭ দিন আগে একটি ঘর ভাড়া নেয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে ভুক্তভোগী শিশুটির হাতে দশ টাকা দিয়ে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিল্লালকে আটক করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা একটি মামলা দায়ের করেছেন। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।’
