ঝিনাইদহে স্বামীর সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে স্বামীর সঙ্গে বিরোধের জেরে এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম মরিয়ম ওরফে এপিনা খাতুন (২১)। তিনি ওই গ্রামের মীর মহিবুল্লাহর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মীর মহিবুল্লাহর সঙ্গে এপিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার স্বাভাবিকভাবে চলছিল। পরে মহিবুল্লাহ ঝিনাইদহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি শুরু করেন। এ সময় তার অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
রবিবার রাতে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে গভীর রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এপিনা খাতুন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়িতে ভিড় করেন আশপাশের লোকজন।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের বাবা মান্নান মণ্ডল বাদী হয়ে স্বামী মহিবুল্লাহ ও তার বাবার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
