ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শহর ও ঢাকার গাজীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত দুইজন হলেন ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) ও একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম রাজ (৩৬)।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদ ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসবাদের পর ঘটনা সম্পর্কে জানা যাবে।

এদিকে, ট্রিপল মার্ডারের ঘটনায় ঝিনাইদহের শৈলকূপায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম ইশা।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, গত শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার রামন্দ্রপুর শ্মশানঘাটে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে কোনও আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন নিহত হানেফের ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights