টঙ্গীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেলযোগে ইজতেমায় ডিউটিতে আসার জন্য রওয়ানা হন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন।
পরে টঙ্গী থানা পুলিশ আহতদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আহত আমির হামজার চিকিৎসা চলছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights