টমছমব্রিজে অবৈধ বাজার উচ্ছেদ, স্বস্তি ফিরল নগরবাসীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজটের অন্যতম কারণ টমছমব্রিজ এলাকার সড়কবাজার অবশেষে অপসারণ করেছে কুমিল্লা সিটি করপোরেশন। প্রায় তিন দশক পর পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে টমছমব্রিজ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে দীর্ঘদিন ধরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে নগরবাসীসহ বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা কমাতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

অভিযানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হওয়ায় অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। তারা সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights