টরন্টোতে শিশুদের নিয়ে কর্মশালা

কানাডা প্রতিনিধি

ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে কানাডার টরন্টোতে শিশুদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আবৃত্তি গুরু ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

কর্মশালার উদ্বোধনে স্বাগত বক্তব্য রাখেন ধ্রুবপদের পরিচালক ড. মমতাজ মমতা। তিনি বলেন, দীর্ঘ পঁচিশ বছরের পরিচয়ের আবৃত্তি গুরু ভাস্বর বন্দ্যোপাধ্যায় টরন্টোতে এসে তার ছাত্রদের জন্য কর্মশালা করেছেন- এজন্য আমরা কৃতজ্ঞ। ধ্রুবপদ এ চর্চা অব্যাহত রাখবে।

আবৃত্তিকার হিমাদ্রী রায় বলেন, শুদ্ধ ভাষার চর্চা ও সংস্কৃতির জন্য টরন্টো এখন মেধার তীর্থ। এই চর্চাকে পাথেয় করে প্রজন্মের মননে ও মস্তিষ্কে সংস্কৃতিকে প্রতিফলিত করছেন ড. মমতাজ মমতা ও তাঁর ধ্রুবপদ।

পরে ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় শিশুদের স্বরবর্ণ ও স্বরধ্বনি বিষয়ে ধারণা দেন। শিশুদের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি বলেন, বাংলা ভাষা ও বর্ণমালা নিয়ে আমি আশাবাদী। এ শিশুরাই শিকড়ের ভাষাকে বাঁচিয়ে রাখবে।

অনুরাগ, ঋষি, তৃণব, পৌরব, শুভনিতা প্রমুখ আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মমতাজ মমতা এবং অতিথি ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights