টাইগারদের নিয়ে যা বললেন সৌরভ

অনলাইন ডেস্ক

সদ্য পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পরই নতুন করে আলোচনায় টাইগাররা। ফলে ভারতও নড়েচড়ে বসেছে। আসন্ন সফর ঘিরে তারা টাইগারদের সমীহ করে কথা বলছে।

চলতি সপ্তাহেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু। আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার মতে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারন পাকিস্তান ও ভারত দলের মধ্যে পার্থক্য আছে।

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বসী বাংলাদেশ। কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী। তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সাধারণত ঘরের মাঠের সিরিজে স্পিন সহায়ক উইকেটেই তৈরি করে ভারত।

সৌরভ জানান, ‘চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না। তবে ওখানকার পিচে সাধারণত বল ভালই টার্ন করে। বোলাররা দারুণ পারফরমেন্স করে। সর্বশেষ সিরিজগুলোতে স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা। আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না।’

এখন পর্যন্ত ভারতের মাটিতে ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে তারা। ২০১৭ সালে একমাত্র টেস্টে হায়দারাবাদে ২০৮ রানে, ২০১৯ সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচে ইনিংস ও ১৩০ রানে এবং কলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights