টাইগারদের সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে জিততে মরিয়া টাইগাররা দুপুর ২টায় নামবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এর আগে ঢাকায় অসিদের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সে কারণে আত্মবিশ্বাস নিয়েই টি-২০ সিরিজ খেলতে নামে স্বাগতিকরা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু হয় তাওহিদ হৃদয়দের। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে নেতৃত্ব দেন তিনি। অস্ট্রেলিয়ার চার স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ১৯ ওভারে অলআউট হওয়ার আগে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি অসিদের। ১০ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
