টাকা খরচ করে লাইনের ঝামেলা এড়ালেন বিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা!

অনলাইন ডেস্ক
তাইওয়ানের এক ব্যস্ত রাতের বাজারে ছোট্ট একটি ঘটনা হঠাৎই বড় আলোচনায় পরিণত হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে একটি অপ্রচলিত উপায় বেছে নেন। সেখানে উপস্থিত সবার খাবারের দাম দেওয়ার প্রস্তাব দেন তিনি। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তুমুল বিতর্ক।

তাইপের জনপ্রিয় রাওহে স্ট্রিট নাইট মার্কেটে এই ঘটনা ঘটে। একটি গ্রিলড কর্নের দোকানের সামনে দীর্ঘ লাইনের অপেক্ষা দেখে হুয়াং মজা করে বলেন, যদি তিনি লাইনে থাকা সবার খাবারের দাম দেন, তবে কি আগে খাবার নিতে পারবেন? দোকানদার তখন জানান, অনেকেই ইতিমধ্যে মূল্য পরিশোধ করেছেন। কিন্তু তবুও হুয়াং সবার পক্ষ থেকে আবারও অর্থ দেওয়ার প্রস্তাব দেন।

এই অপ্রত্যাশিত প্রস্তাবে সেখানে উপস্থিত মানুষজন হাসতে শুরু করেন এবং অনেকেই স্বেচ্ছায় তাকে আগে খাবার নিতে রাজি হন। ভিডিওতে দেখা যায়, তিনি দোকানদারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন এবং ভুট্টা খেয়ে আনন্দও প্রকাশ করছেন।
ভিডিওটি এক্স ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়।

ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিরীহ ও মজার একটি ঘটনা হিসেবে দেখেছেন। আবার অনেকেই বলেছেন, এটি বাস্তব জীবনের ‘টাকা দিয়ে সুবিধা নেওয়া’ বা ধনীদের বিশেষ সুবিধা গ্রহণের উদাহরণ।

তবে তার সমর্থকেরা বলছেন, এতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি—বরং সবাই বিনা মূল্যে খাবার পেয়েছেন। তাদের মতে, এটি ছিল এক ধরনের ‘উইন-উইন’ পরিস্থিতি।

সাধারণ খাবারের দোকানে জেনসেন হুয়াংয়ের স্বাভাবিক উপস্থিতি তার শুরুর জীবনের কথাই স্মরণ করিয়ে দেয়। এনভিডিয়ার নেতৃত্ব গ্রহণের অনেক আগে, তরুণ বয়সে তিনি ডেনিস রেস্তোরাঁয় থালা ধোয়া ও ওয়েটার হিসেবে কাজ করেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights